জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গুরুদাসপুর জোনাল অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সৌরবিদ্যুতের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর চাপ কমানো সম্ভব। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় আনার পাশাপাশি জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। জাতীয় এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন, বিভিন্ন সরকারি স্থাপনায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে ভবনের অবকাঠামোগত সক্ষমতা, ছাদের উপযোগিতা ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পরিকল্পিতভাবে কাজ করা গেলে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে সরকারি ব্যয় কমানো সম্ভব।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গুরুদাসপুর জোনাল কর্মকর্তা ওবায়দুল হক আল মাসুম বলেন, জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ প্রদান করবে। সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় জাতীয় রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সম্ভাবনা, কারিগরি বিষয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়নাল হক,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 


















