সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটের ভেতরে দুই যাত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয় এবং পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা কিছুটা ভীত হয়ে পড়েন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, বুধবার সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটিতে যাত্রাপথে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। একপর্যায়ে তারা মারামারি শুরু করেন। ধস্তাধস্তির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।
পরে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করে দেন। এতে পরিস্থিতি শান্ত হয় এবং ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।

অনলাইন ডেস্ক 


















