নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে উৎসাহ ও আন্তরিক অভ্যর্থনা জানাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এ অনুষ্ঠিত হয়েছে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬”। শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং একজন শিক্ষার্থীকে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রযুক্তিনির্ভর শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে নিজেদের ভবিষ্যতের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত করতে হবে।” তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আশরাফুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ আনওয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, এসডিআই-এর চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ক্যাম্পাস প্রতিনিধি 


















