স্পেন জাতীয় দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ঘিরে এসেছে স্বস্তির খবর। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে এখন তিনি ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চলতি বিশ্বকাপে স্পেন দলে থাকলেও এখন পর্যন্ত পূর্ণ সময় মাঠে নামেননি ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা। তবে নকআউট পর্ব শুরুর আগে তাকে নিয়ে সব ধরনের শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন কোচ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দে লা ফুয়েন্তে বলেন, “ইয়ামাল এখন শারীরিকভাবে পুরোপুরি ফিট। প্রয়োজন হলে সে পুরো ৯০ মিনিট খেলতে পারবে। তাকে ধাপে ধাপে মাঠে নামানো হয়েছে এবং তার পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “লামিনে যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত। আমরা শুরু থেকেই তাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করেছি। এখন সে ভালো অবস্থায় আছে এবং মাঠে নামতে মুখিয়ে রয়েছে।”
তবে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ইয়ামাল প্রথম একাদশে থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি স্প্যানিশ কোচ। হাস্যরসের সুরে তিনি বলেন, ম্যাচের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৪টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে লা লিগার শেষ ছয়টি ম্যাচে খেলতে পারেননি।
বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। এরপর সৌদি আরবের বিপক্ষে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে গোল করেন। উরুগুয়ের বিপক্ষে তিনি ৭৬ মিনিট খেলেন।
ইয়ামালের পাশাপাশি উইঙ্গার ইয়েরেমি পিনো ও ভিক্টর মুনিওসও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নিকো উইলিয়ামসের অবস্থারও উন্নতি হয়েছে, যদিও তাকে নিয়ে এখনো কিছুটা সতর্ক রয়েছে টিম ম্যানেজমেন্ট।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে দারুণ ছন্দে রয়েছে স্পেন। ২০২৩ নেশনস লিগ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করছে দলটি। গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশরা।
কোচ বলেন, “সব খেলোয়াড়ের পুনরুদ্ধার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়ামাল এখন খেলার জন্য প্রস্তুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার আত্মবিশ্বাস এবং মাঠে নামার প্রবল আগ্রহ।”
২০১০ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে আর জয় না পাওয়া স্পেন এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায়। ইয়ামালের পূর্ণ ফিট হয়ে ফেরা সেই লক্ষ্য পূরণে দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

অনলাইন ডেস্ক 
















