কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলের কাপড় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষ হেলাল উদ্দিন, মামুনসহ আরও অনেকে।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের এখনও মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। তাঁরা এখনও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ নানান সংকটে ভুগছেন।”

তিনি আরও বলেন, “অতীতে যারাই এই আসনের ক্ষমতার মসনদে বসেছেন তারাই অবহেলিত মানুষগুলোর কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু, এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা এবি পার্টির মাধ্যমে সকল মানুষে সমান সুযোগ-সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা।”

কুড়িগ্রাম প্রতিনিধি 



















