দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নাটোর জেলা শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাটোর জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব শহীদ মাহমুদ মিঠু এবং নাটোর আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবুল কালাম আজাদ চৌধুরীসহ অন্য আইনজীবীরা।
বক্তারা বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্রের অংশ হিসেবে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। এসব অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানাতেই আইনজীবীরা রাজপথে নেমেছেন।
বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মানবিক ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।

নাটোর প্রতিনিধি 


















