‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর গ্র্যান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩ অক্টোবর) রাত আটটায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ( ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার।
অনুষ্ঠানে প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ কমিশনার আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আখতার জাহান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার কাহারুল ইসলাম জয়। রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মো. সাইফুল হক সমাপনী বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটস কার্যক্রমের মাধ্যমে স্কাউটস সদস্যরা সুন্দর ভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। নিজেকে মানবতার সেবায় নিয়োজিত রাখে। দেশপ্রেমে উজ্জীবিত স্কাউটস সদস্যরাই আগামীতে দেশের কান্ডারী। ক্যাম্পুরীর অভিজ্ঞতা এবং শিক্ষা স্কাউটস সদস্যদের আরো সেবা কাজে উজ্জীবিত করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাসহ দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করেন। ৩০ অক্টোবর থেকে ছয় দিন ব্যাপী ক্যাম্পুরী ৩ তারিখ রাতে ক্যাম্প ফায়ারের মাধ্যমে শেষ হয়।

মোঃ আব্দুল হাকিম ,নাটোর 


















