নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট দুই সংগঠনের দাবি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ ব্যবহার করা হয়। এছাড়া কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু দেখা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় কয়েকজন দোকানদার। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রশিবিরের তোলারাম কলেজ শাখার সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারি তামিম, অর্থ সম্পাদক জুহাস, মহানগর শাখার সভাপতি অমিত হাসান ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম রয়েছেন। অন্যদিকে ছাত্রদলের কর্মী তুহিন আহমেদ, রবিন ও ফয়সাল আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, অনুষ্ঠান শেষে কলেজ গেটের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, কলেজের ভেতরে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল তোলারাম কলেজ শাখার সভাপতি মনির হোসেন জিয়া দাবি করেন, ছাত্রশিবিরের হামলায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা থানা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্ত শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 

















