জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, বর্তমান সরকার খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেবে। আমাদের দেশে খেলোয়াড়েরা জীবনের শেষ পর্যায়ে অর্থাভাবে নানা দু:খকষ্টসহ বিনা চিকিৎসায় মারা যান। এজন্য তারেক জিয়া নির্বাচনের পূর্বে পেশাদার খেলোয়াড়দের অবসরভাতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সরকার সে প্রতিশ্রুতি পূরণ করবে।
শনিবার বিকালে বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মাদক ছাড়ো, খেলা ধরো মাদকমুক্ত জীবন গড়ো, স্লোগানে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ওসি শফিকুল ইসলাম, খেলোয়ার কল্যাণ সংস্থার সম্পাদক মামুনর রশীদ শিপন ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু হানিফ শেখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে দেশের আটটি জেলা থেকে আটটি দল অংশ নেয়। মেগা ফাইনালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহজাদপুর শাহ মখদুম ফুটবল একাদশ ২-০ গোলে উল্লাপাড়া জনি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা ট্রফিসহ প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দলের হাতে ৭০ হাজার টাকা এবং রানার্স আপ দলের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 


















