গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তাঁর স্বামী ও গর্ভস্থ সন্তান নিহত হয়েছেন। হামলার তীব্র বিস্ফোরণে গর্ভস্থ শিশুটি মায়ের শরীর থেকে বাইরে ছিটকে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির প্রত্যাশায় গাজার মানুষ হামলা বন্ধ, চিকিৎসাসেবা, ত্রাণ সরবরাহ এবং অবাধ চলাচলের সুযোগের আশা করেছিলেন। তবে বাস্তবে এসব প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। বরং অব্যাহত হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, যা স্থানীয়দের মধ্যে গভীর হতাশা ও উদ্বেগ তৈরি করেছে।
রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি আবাসিক ভবনে চালানো হামলায় একই পরিবারের ওই তিন সদস্য নিহত হন। এ ছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া অস্থায়ী তাঁবুতেও হামলার অভিযোগ উঠেছে। অনেকেই নিজ এলাকায় ফিরে গিয়ে দেখছেন, তাদের ঘরবাড়ি ও সহায়-সম্বল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চল, গাজা শহর, খান ইউনিস ও দেইর আল-বালাহসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নিরাপদ আশ্রয়ের অভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

অনলাইন ডেস্ক 



















