নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান। পরে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রপতি তা গ্রহণ করেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে অন্যতম ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।
সরকারের সঙ্গে আন্দোলনকারীদের একাধিক দফা বৈঠক হলেও শনিবার বিকেলে নির্ধারিত তৃতীয় দফার বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ১০ দিনের ঘটনায় তিনি ব্যথিত। তিনি লেখেন, শিক্ষাক্ষেত্রে চার দশকের বেশি সময় ধরে কাজ করেছেন এবং সবসময় একটি শক্তিশালী ও দূরদর্শী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছেন। দেশের যুবসমাজের স্বপ্ন ও প্রত্যাশার প্রতি তিনি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন।
ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি দায় স্বীকার করেছিলেন এবং কখনোই দায় এড়ানোর চেষ্টা করেননি। দেশের ঐক্য বজায় রাখা, শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের পড়াশোনায় মনোনিবেশের সুযোগ নিশ্চিত করার স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও উল্লেখ করেন, প্রশ্নফাঁসের ঘটনার পর ২০ লাখের বেশি পরীক্ষার্থীর জন্য পুনরায় সুষ্ঠুভাবে নিট পরীক্ষা আয়োজনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। এ ক্ষেত্রে বিভিন্ন রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন। তবে দায়িত্বশীল কিছু ব্যক্তির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, কেউ কেউ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
এদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা ২৬ দিনের অনশন শেষে সম্প্রতি তিনি তা প্রত্যাহার করেন। আন্দোলনকারীদের অন্যতম দাবিও ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাঁর অনশন ভাঙার দুই দিনের মাথায় ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

অনলাইন ডেস্ক 


















