পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জন দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুধেরহাট গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৬৫), কিসমত প্রতাপপুর গ্রামের মৃত নফসার প্রামাণিকের ছেলে বিপুল প্রামানিক (৪২), আব্দুল বারিকের ছেলে সুজন আলী (৪২), হেমায়েতপুর গ্রামের শহিদুল মালিথার ছেলে জুয়েল মালিথা (৩২), ইউনুস মোল্লার ছেলে ওয়ারেস মোল্লা (৪০) এবং আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজ (৪০)।
এনএসআই পাবনার উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং তাঁদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত হাবিল মন্ডল, বিপুল প্রামানিক, সুজন আলী, জুয়েল মালিথা ও ওয়ারেস মোল্লাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাঁকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















