কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামে এক যুবকের অবস্থা গুরুতর। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন দরগাহ ঘোনা এলাকার আবদুর রহিম কালো (১৬), রাহাত (১২), মো. ওয়াসিফ (৮), বাবু (১৮) ও ছাদেক (২৫)। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
আহত মিনহাজ ও তাঁর পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে আহত হওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানো এবং অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এমনকি পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠেছে।
আহত মিনহাজ উদ্দিন জানান, এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাঁরা আনন্দ করছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য গুলি করেন বলে তাঁর অভিযোগ। এতে ছয়-সাতজন গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যেতে পারলেও তাঁর পায়ে একাধিক গুলি লাগায় তিনি পড়ে যান।
তিনি আরও অভিযোগ করেন, আহত অবস্থায় পুলিশ তাঁকে আটক করে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পাশাপাশি ডাকাতের গুলিতে আহত হয়েছেন—এমন বক্তব্য দিতে চাপ দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে তাঁকে মহেশখালী থানায় নেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেকেই আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়দের অভিযোগ। এতে সাতজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাঁকে আহত অবস্থায় আটক করে। প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আহতের অভিভাবক জানান, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাঁদের সন্তানসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ তাঁদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তাঁরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
মিনহাজের ভাই কফিল উদ্দিন বলেন, বিয়েবাড়িতে তাঁর ভাইকে পুলিশ গুলি করে আটক করে। পরে কালারমারছড়া ক্যাম্পে নিয়ে মারধর করে মহেশখালী থানায় নেওয়া হয়। ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ডাকাতের গুলিতে আহত হয়েছেন—এমন ভিডিও বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্তও দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে ভিডিও বক্তব্য দিতে হয়েছে। পরে তাঁকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। যুগান্তরকে তিনি বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ ব্যক্তি গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।
আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

অনলাইন ডেস্ক 


















