রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবা মো. মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতার সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। নিহত শুভ্র কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

অনলাইন ডেস্ক 



















