রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে শুরু হওয়ার কথা রয়েছে।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে মাত্র ১৯ দিনে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়। গত ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।
নিম্ন আদালতের রায়ের পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলও দাখিল করা হয়।
আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য হাইকোর্ট রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে তারা প্রত্যাশা করছেন।

অনলাইন ডেস্ক 


















