বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র হিসেবে বিবেচনা করেনি, বরং শক্তির আধার হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা ছাড়া রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ।
হুইপ দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রেখে বাংলাদেশি জাতীয়তাবাদ পূর্ণতা পেতে পারে না। এ বিশ্বাস থেকেই ১৯৭৮ সালে তিনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এটি শুধু একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, বরং নারীদের রাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত করার রাষ্ট্রীয় দর্শনের প্রতিফলন ছিল। এশিয়ার অন্যতম প্রথম উদ্যোগ হিসেবে এটি নারীর ক্ষমতায়নে বিএনপির সুদূরপ্রসারী চিন্তার পরিচয় বহন করে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ—এই তিন প্রজন্মের ধারাবাহিকতায় বিএনপির নারী রাজনীতির অগ্রযাত্রা এগিয়ে চলছে। ইসলামের ন্যায়বিচার, আধুনিকতার যুক্তি ও গণতন্ত্রের সমতার আদর্শকে একত্রিত করে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারীর ক্ষমতায়নের ভিত্তি হবে রাষ্ট্র নিজেই।
দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ নারীর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিচ্ছে। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া ও নারী ক্ষমতায়নের পথপ্রদর্শক বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন।
তিনি উল্লেখ করেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারীবিষয়ক দপ্তর’ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এটি ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।
নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা ছিল নারীর ক্ষমতায়নে একটি বৈপ্লবিক পদক্ষেপ। বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
দুলু আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন বিএনপির আগামী কাউন্সিলে দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারণী পর্যায় এ বিষয়ে সচেষ্ট রয়েছেন। এর মাধ্যমে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
এ সময় বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেত্রীরা।

নাটোর প্রতিনিধি 


















