ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে নওগাঁ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবহি এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার বাসিন্দা। তিনি ইসলামী ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। সেই সুবাদে ২০১৫ সালে তার চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে আসামি পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথমদিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তীতে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়, যা নির্ধারিত সীমার অতিরিক্ত ছিল।

২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা রুজু হলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদঘাটনে একটি বিশেষ টিম গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ সদর মডেল থানা ও ডিবি পুলিশের কর্মকর্তারা সরাসরি অভিযানে অংশ নিয়ে টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শহিদুল ইসলাম রিপন ও তদন্তে পাওয়া তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি অনুযায়ী, বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবহি এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার পাশাপাশি বিলাসী জীবনযাপন করছিলেন তারা।
এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি কিংবা ব্যাংকের কেউ জড়িত রয়েছেন কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















