আজ (১৫ জুলাই) সৌদি আরবের মক্কায় ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। নির্দিষ্ট সময়ে সূর্য পবিত্র কাবার ঠিক মাথার ওপরে অবস্থান করবে। ফলে অল্প সময়ের জন্য কাবা শরিফের কোনো ছায়া দেখা যাবে না।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবার ঠিক ৯০ ডিগ্রি ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় সূর্য ও কাবা একই উল্লম্ব রেখায় অবস্থান করায় কাবা শরিফ সম্পূর্ণ ছায়াহীন হয়ে পড়বে।
বাংলাদেশ সময় অনুযায়ী ঘটনাটি ঘটবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এ সময় বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত মুসল্লিরা কোনো কম্পাস বা প্রযুক্তিগত যন্ত্রের সাহায্য ছাড়াই কিবলার সঠিক দিক নির্ধারণ করতে পারবেন।
এর জন্য নির্ধারিত সময়ে সমতল স্থানে একটি সোজা লাঠি বা দণ্ড খাড়া করে রাখতে হবে। লাঠির যে ছায়া পড়বে, তার ঠিক বিপরীত দিকই হবে পবিত্র কাবার দিক বা কিবলার দিক।
বিশেষজ্ঞদের ভাষ্য, এমন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বছরে দুইবার ঘটে। আধুনিক নেভিগেশন ব্যবস্থা চালুর আগে দীর্ঘদিন ধরে এই প্রাকৃতিক পদ্ধতিতেই কিবলার দিক নির্ধারণ করা হতো। এখনও এটি কিবলার অবস্থান যাচাইয়ের অন্যতম সহজ, নির্ভুল ও নির্ভরযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বিবেচিত হয়।

অনলাইন ডেস্ক 


















