শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ মিশনে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের শুরুতে বেশ কয়েকটি শক্তিশালী দলের হোঁচট খাওয়ায় সমর্থকদের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে নিজেদের প্রথম ম্যাচেই সেই শঙ্কা দূর করে দিয়েছে লিওনেল স্কালোনির দল।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে সহজ জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের মাধ্যমে প্রতিপক্ষদেরও স্পষ্ট বার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি—শিরোপা জয়ের দৌড়ে তারাও অন্যতম শক্তিশালী দাবিদার।
এমন দুর্দান্ত সূচনার পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে আর্জেন্টিনা শিবিরে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘এই দল জানে যে যেকোনো ম্যাচে যে কেউ আমাদের হারাতে পারে। আত্মতুষ্টিতে ভুগলে বিপদ হতে পারে। এই বিশ্বকাপে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। তবে আমরা যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের হারানো সহজ হবে না।’
বিশ্বকাপের আগের দুটি আসরে শুরুটা সুখকর ছিল না আর্জেন্টিনার। ২০১৮ সালে আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ২০২২ সালে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল তারা। তবে এবার প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সেই নেতিবাচক ধারা ভেঙেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে একটি জয়েই আত্মতুষ্ট নয় স্কালোনির দল। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। তাই পরবর্তী ম্যাচের দিকেই এখন পুরো মনোযোগ রাখতে চান তিনি।
স্কালোনি বলেন, ‘ফাইনাল পর্যন্ত যেতে হলে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবে জয় দিয়ে শুরু করা সবসময়ই ইতিবাচক। এটি দলের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং সামনের ম্যাচগুলোর জন্য বাড়তি প্রেরণা জোগায়।’

অনলাইন ডেস্ক 


















