ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এবার তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার আগ্রহ প্রকাশ করলেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।
তার ভাষ্যমতে, বিগত ১৭ বছরে বিএনপি সমর্থিত অনেক শিল্পীই দেশে থাকতে পারেননি। যারা ছিলেন, তারাও হয়েছেন নির্যাতিত। তিনি তাদেরই একজন। আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত আসনে একটি সিট পাওয়ার প্রত্যাশা এই অভিনেত্রীর।
বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রিনা খান। জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আগামীতে সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে যেতে পারেন কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা।

অনলাইন ডেস্ক 
























