পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দেশবরেণ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রবিউল করিম তারেক। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ । পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাটমোহর প্রতিনিধি 









