পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে নাটোরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এক অন্যরকম সম্প্রীতি ও ভালোবাসার ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নাটোর (ডুয়ান)।
শুক্রবার (১৩ মার্চ) নাটোর উপশহরে অবস্থিত প্রত্যয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ হলরুমে এই মানবিক ও ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেয় নাটোর সরকারি শিশু পরিবার নিবাসী এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে দোয়া ও ইফতারে শরিক হয়ে এক স্নিগ্ধ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় পরম মমতায় শিশুদের খোঁজখবর নেন ডুয়ানের সদস্যরা।

অনুষ্ঠানে ডুয়ানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আমির হোসেন, মো. জাকির হোসেন, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হাকিম, মো. আল-আমিন ইসলাম এবং মো. মহিউদ্দিন।
ইফতার শেষে উপস্থিত শিশুদের সার্বিক কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে ডুয়ানের সদস্যরা সংগঠনের আগামী দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন।

নাটোর প্রতিনিধি 









