সিরাজগঞ্জের তাড়াশে গত পাঁচ দিনে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে প্রয়োজনীয় প্রতিষেধক না থাকায় ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার তাড়াশ পৌর সদরের হাসপাতাল এলাকায় শিয়ালের কামড়ে আহত হন ভাদাস মহল্লার বাসিন্দা মোক্তার হোসেন (৪৫)। এ ছাড়া সিরাজগঞ্জ থেকে খেজুরের রস খেতে আসা মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩) একই ঘটনায় আহত হন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত পাঁচ দিনে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হলেও সরকারি হাসপাতালে প্রয়োজনীয় জলাতঙ্ক প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। ফলে শিয়াল ও কুকুরের কামড়ের শিকার ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ বলেন, বর্তমানে বিনামূল্যে সরবরাহ করা জলাতঙ্কের প্রতিষেধক পাওয়া যাচ্ছে না।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, সরকারি ব্যবস্থাপনায় আপাতত এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সরকারি ব্যবস্থায় প্রতিষেধক কেনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে, গত ৯ জানুয়ারি দিবাগত রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

তাড়াশ প্রতিনিধি 










