পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা ও প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মো. নাহিদ হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। সভায় ৯৪৭০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের রবিশস্য, শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫৪০০ জনকে সূর্যমুখীর বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন এবং বসতবাড়ি ও মাঠে আগাম শীতকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, সরাসরি উৎপাদনের সঙ্গে এই দেশের কৃষকরা জড়িত। রাষ্ট্রের উন্নয়নে কৃষকরা সরাসরি অবদান রাখছেন। রাষ্ট্র কাঠামোর জন্য কৃষকের অবদান অনস্বীকার্য।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 






















