২০২৬ সালের সরকারি ছুটির তালিকা গত বছরের ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন— সব মিলিয়ে মোট সরকারি ছুটি নির্ধারিত হয়েছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র–শনিবার), ফলে প্রকৃত ছুটি থাকছে ১৯ দিন।
ঐচ্ছিক ছুটির ক্ষেত্রেও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। মুসলিম কর্মীদের জন্য ৫ দিন, হিন্দুদের জন্য ৯ দিন, খ্রিষ্টানদের ৮ দিন, বৌদ্ধদের ৭ দিন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কর্মীদের জন্য ২ দিন করে ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ থাকবে। তবে একজন কর্মকর্তা বছরে সর্বোচ্চ ৩ দিন পর্যন্ত ঐচ্ছিক ছুটি নিতে পারবেন এবং তার জন্য বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে এ ছুটি যুক্ত করার সুযোগও থাকবে।
কর্মব্যস্ত জীবনে লম্বা ছুটি সবসময়ই স্বস্তির। এবারও কয়েকটি মাসে এক–দুই দিনের পরিবর্তিত ছুটি নিলে মিলবে টানা ছুটির সুযোগ।
দেখে নেওয়া যাক ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি-
ফেব্রুয়ারি: ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে অনুযায়ী পবিত্র শবে বরাতের ছুটি নির্ধারিত রয়েছে। এবার পবিত্র শবে বরাতের ছুটি দিনটি হতে পারে বুধবার। এর সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক দিন ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের অবকাশ। কারণ, ৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
মার্চ: ২০২৬ সালের মার্চ মাসে মাত্র এক দিন ছুটি নিলেই মিলতে পারে টানা ৭ দিনের ছুটি। ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ (চাঁদ দেখা সাপেক্ষে) ঈদুল ফিতর। ঈদের আগে–পরে নির্বাহী আদেশে ছুটি থাকায় মোট ৫ দিন ছুটি পাওয়া যাবে। এ ছাড়া ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকতে পারে; ১৮ মার্চ ছুটি নিলে টানা ৭ দিনের ছুটি সম্ভব। এদিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে আগের বা পরের দিনে ছুটি নিয়ে পাওয়া যাবে টানা ৩ থেকে ৪ দিনের বিশ্রাম।
এপ্রিল: এপ্রিলেও সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটির নেওয়ার সুযোগ পাবেন। তবে এ ক্ষেত্রে ২ দিনের ছুটি নিতে হবে। ১০ ও ১১ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, আর ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখের ছুটি থাকবে। এর মধ্যে ১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলেই টানা পাঁচ দিন ছুটি।
মে: ২০২৬ সালের মে মাসে মাত্র ২ দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিনের অবকাশের সুযোগ মিলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে, সে দিন সারা দেশে সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ২২ ও ২৩ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি কোনো সরকারি কর্মকর্তা–কর্মচারী নিতে পারলে সাপ্তাহিক ছুটি, নির্বাহী আদেশের ছুটি এবং ঈদের ছুটি মিলিয়ে একটানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
আগস্ট: দুই দফায় লম্বা ছুটির সুযোগ আছে। তবে উভয় ক্ষেত্রেই এক দিন করে ছুটি নিতে হবে। আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা চার দিনের ছুটি মিলবে। ৭ ও ৮ আগস্ট শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এদিকে ২৬ আগস্ট (বুধবার) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবির ছুটি থাকতে পারে। এর পরদিন বৃহস্পতিবার ছুটি নিলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। কারণ ২৮ ও ২৯ আগস্ট শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।
অক্টোবর: ২০২৬ সালের অক্টোবরেও লম্বা ছুটির সুযোগ থাকছে। এক্ষেত্রে মাত্র এক দিন ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা একসঙ্গে ৫ দিনের ছুটি পাবেন। ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে আর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) ছুটি মেলাতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে মিলবে দীর্ঘ ছুটির সুযোগ।
ডিসেম্বর: বছরের শেষ মাস ডিসেম্বরেও সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির সুযোগ পাবেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবস (বুধবার)। ১৭ ডিসেম্বর ছুটি নিলে ১৮–১৯ ডিসেম্বর শুক্রবার–শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৪ দিনের অবকাশ মিলবে।

অনলাইন ডেস্ক 




















