১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৪২টি দল একটি আসনেও জয় পায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে তিনটি আসনের ফল স্থগিত রয়েছে, একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে এবং দুটি আসন আইনি জটিলতায় আটকে আছে।
ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। ৫১টি দলের মধ্যে মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে।
ফলাফলে সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—মোট ২০৯টি আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৬৮টি আসন।
১১ দলীয় জোটের শরিক ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।
একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস।
স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
প্রার্থী ও অংশগ্রহণের চিত্র
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন—এর মধ্যে ৬৩ জন নারী ও ১ হাজার ৬৯২ জন পুরুষ। স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৭৩ জন, যার মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ।
উল্লেখযোগ্যভাবে, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরেছে।
যে ৪২টি দল একটি আসনও পায়নি
একটি আসনও না পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে— লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি,কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ,গণতন্ত্রী পার্টি,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি),জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ,ন্যাশনাল পিপলস পার্টি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,গণফোরাম,গণফ্রন্ট,বাংলাদেশ ন্যাপ,ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।
এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,জাগপা,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট,বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট,ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট,বাংলাদেশ কংগ্রেস,ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ,বাংলাদেশ জাসদ,বাংলাদেশ সুপ্রিম পার্টি,এবি পার্টি,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি,
বাংলাদেশ মুজাহিদ জনতা পার্টি,বাংলাদেশ লেবার পার্টি,বাংলাদেশ রিপাবলিক পার্টি,সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী),জনতা দল,আম জনতা দল,বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি—সবগুলো দলই এবারের নির্বাচনে কোনো আসন অর্জন করতে পারেনি।
সার্বিকভাবে, এবারের নির্বাচনে ফলাফল স্পষ্ট করেছে যে সংগঠন, জোট ও ভোটব্যাংক ছাড়া ছোট দলগুলোর টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

অনলাইন ডেস্ক 












