ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল করছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি কলাপাড়া বড় জামে মসজিদ হতে শুরু করে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন রোড প্রদক্ষিণ শেষে বড় জামে মসজিদে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন কাফি, মামুন শিকদার, জাহিদ, দিপু, সালাউদ্দিন সিকদার ও জেমস্ জানিব।
বিক্ষোভ মিছিল কর্মসূচির শুরুতে ‘আমি কে তুমি কে, হাদি, হাদি,’ ‘আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকনা এই বাংলায় হবে না,’ ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’ – স্লোগান দিতে থাকেন কলাপাড়ার ছাত্র জনতা।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 





















