জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২৯ সেপ্টেম্বর অথবা এর কাছাকাছি সময়ে তিনি নিউইয়র্কে অবস্থান করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি দেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিতে পারেন বলে জানা গেছে।
নিউইয়র্কে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া সফরের সময় কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

অনলাইন ডেস্ক 



















