বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং জনগণের সম্পদ লুট করেছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি সবসময় মানুষের অধিকার রক্ষায় পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা পরিষদ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ জনসভার আয়োজন করা হয়।
এবিএম মোশাররফ হোসেন বলেন, আজকে আপনাদের সামনে অনেকেই ভোট চাইতে আসে। জামায়াতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়েছিলো ৯১ এর নির্বাচনে ১৮টি এবং ২০০১ সালে ১৭টি-তাও বিএনপির সঙ্গে নির্বাচন করে।
কিন্তু বিএনপির বাইরে গিয়ে ৯৬ সালে তিনটি, ২০০৮ সালে মাত্র দুইটি আসন পেয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু কখনোই ইসলামি আন্দোলনের হাতপাখা মার্কা একটি আসনও জিততে পারেনি।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে বিএনপি কর্মীরা। সাধারণ মানুষ যখনই বিপদে পড়েছে, আমরা তাদের পাশে থেকেছি, আগামী দিনেও থাকবো।
চাকরি প্রত্যাশী তরুণদের বিষয়ে দলের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লেখাপড়া শেষ করার পর এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।
দুর্গম দ্বীপ উপজেলা হওয়া সত্ত্বেও রাঙ্গাবালীতে এখনও সরকারি হাসপাতাল না থাকা প্রসঙ্গে এবিএম মোশাররফ বলেন, এই আসনে আওয়ামী লীগের সময় দুইজন প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কেউ হাসপাতালের কার্যক্রম শুরু করতে পারেননি। তারা জনগণের নয়, নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, আগামী দিনে উন্নয়ন চাইলে যারা জনগণের কল্যাণে কাজ করবে, তাদেরই ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-দলের এমন সিদ্ধান্ত হয়েছে।

মোঃ রাকিবুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 


















