সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতেই বিশাল ব্যবধানে মহাবিজয় হয়েছে বিএনপির। বিভাগের একমাত্র সিলেট-৫ আসনে জয় পেয়েছে খেলাফত মজলিস, যেখানে বিজয়ী হয়েছেন মুফতি আবুল হাসান। পুরো বিভাগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো আসনই জিততে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতেই জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকে জয় ছিনিয়ে নিয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। সিলেট-২ আসনে জয়ী হয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মালিক বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছেন। সিলেট-৪ আসনে বিশাল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৬ আসনে তীব্র লড়াইয়ের পর জামায়াত প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন এমরান আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা একক আধিপত্য বজায় রেখে জয়ী হয়েছেন। সুনামগঞ্জে বিজয়ীদের তালিকায় আছেন কামরুজ্জামান কামরুল, নাসির উদ্দীন চৌধুরী ও কয়সর আহমেদ। সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার জেলার ৪টি আসনের সবকটিতেই ক্লিন সুইপ করেছে বিএনপি। মৌলভীবাজারে বিজয়ী হয়েছেন নাসির উদ্দীন মিঠু, শওকতুল ইসলাম শকু, এম নাসের রহমান ও হাজী মুজিবুর রহমান চৌধুরী।
হবিগঞ্জ জেলার ৪টি আসনেই জয়জয়কার ধানের শীষের প্রার্থীদের। হবিগঞ্জে জয়ী হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ড. রেজা কিবরিয়া এবং বর্ষীয়ান নেতা জি কে গৌছ। হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হোসেন জীবন এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সল বিজয়ী হয়েছেন।
পুরো সিলেট বিভাগ এখন বিএনপির দুর্গে পরিণত হয়েছে, যেখানে বিরোধী সব পক্ষই পরাজিত হয়েছে।

আহমদ রেজা চৌধুরী, সিলেট 













