বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাত্রাবাড়ী এলাকায় একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) তৈরি করা হবে। আমরা জানি কীভাবে শিল্পায়ন করতে হয় এবং কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশ পরিচালনা করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার, তা শুধু বিএনপিরই রয়েছে। তিনি বলেন, অতীতে বিএনপি যখনই দায়িত্বে ছিল, দেশের মানুষের জন্য কাজ করেছে। বিএনপি দায়িত্ব পেলে দেশ আবারও সামনে এগিয়ে যাবে।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। এই বিপুল অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে ব্যয় করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করা হবে।
পথসভায় ঢাকা-৫ আসনের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

অনলাইন ডেস্ক 













