হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে আবারও জানিয়েছেন, সাবেক স্বামী পীযূষ পুরের মদ্যপানের আসক্তিই তাঁদের ২২ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার প্রধান কারণ। ‘ভাবিজি ঘর পার হ্যায়!’-এর ‘অঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী বলেন, দীর্ঘদিন তিনি স্বামীর আসক্তির প্রকৃত ভয়াবহতা বুঝতে পারেননি।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শুভাঙ্গী ও পীযূষের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের মাত্র দুই মাস পর লিভার সিরোসিসে মারা যান পীযূষ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেন, বিয়ের শুরুর দিকে তিনি জানতেন, তাঁর স্বামী মদ্যপান করেন। তবে ধীরে ধীরে সেই অভ্যাস যে ভয়ংকর আসক্তিতে পরিণত হয়েছে, তা বুঝতে অনেক সময় লেগেছে। তাঁর ভাষায়, পীযূষ এতটাই দক্ষতার সঙ্গে বিষয়টি লুকিয়ে রাখতেন যে অনেক সময় তিনি বুঝতেই পারতেন না, তিনি মাতাল নাকি শুধু ক্লান্ত।
অভিনেত্রীর দাবি, আসক্তির কারণে পীযূষ ধীরে ধীরে নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাঁর মতে, একটি সুস্থ দাম্পত্যে মানসিক, আর্থিক ও ব্যক্তিগত উন্নতি একসঙ্গে হওয়া জরুরি। কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন, সেই সম্পর্ক আর স্বাভাবিকভাবে এগোচ্ছে না।
শুভাঙ্গী জানান, পরবর্তীতে সংসারের প্রায় পুরো আর্থিক দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। তবু সংসার টিকিয়ে রাখতে তিনি সব ধরনের চেষ্টা করেছিলেন। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে তাঁদের প্রায় দুই বছর সময় লেগেছিল।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেছিলেন অভিনয়জীবনে সফল হওয়ার পর তিনি স্বামীকে ছেড়ে দিয়েছেন। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। সংসার বাঁচাতে তিনি পীযূষকে পুনর্বাসনকেন্দ্রেও পাঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টাই তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি।
শুভাঙ্গীর ভাষ্য, ২০১৮-১৯ সালের দিকে পীযূষের আসক্তি আরও বেড়ে যায়। এরপর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি শুরু হয়। দীর্ঘ চেষ্টা-সংগ্রামের পর ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয় এবং দুই মাস পর লিভার সিরোসিসে মারা যান পীযূষ।

অনলাইন ডেস্ক 


















