বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় তার মূল জানাজা। একই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ গায়েবানা জানাজা ও মোনাজাতে অংশ নেন।
জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। পাশাপাশি সাধারণ জনগণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের প্রভাবশালী এই নেত্রীর মৃত্যুতে দল-মত নির্বিশেষে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।
দেশজুড়ে শোকাবহ এই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।

অনলাইন ডেস্ক 



















