গত মৌসুমে ভয়াবহ লোকসানের পরও চলনবিল অঞ্চলের কৃষকরা চলতি মৌসুমে আবারও আলু চাষে ঝুঁকেছেন। ঋণের চাপ আর ক্ষতির স্মৃতি সঙ্গী করেই তারা মাঠে নেমেছেন। আশঙ্কা ছিল, গতবারের তুলনায় অর্ধেকেরও কম জমিতে আলু চাষ হবে। তবে বাস্তবে আবাদ কমলেও তা তুলনামূলকভাবে সীমিত রয়েছে।
গত মৌসুমের ক্ষতি এখনো পিছু ছাড়েনি
কৃষকরা জানান, গত মৌসুমে উৎপাদন খরচই তুলতে পারেননি অধিকাংশ চাষি। লোকসান এড়াতে অনেকেই আলু হিমাগারে সংরক্ষণ করেন। সরকার হিমাগার পর্যায়ে কেজিপ্রতি ২২ টাকা দাম ঘোষণা করলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে ১৪–১৫ টাকা দরের আলু শেষ পর্যন্ত ৮–১০ টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হন চাষিরা। এতে হিমাগারের ভাড়া ও সুদ দিতে গিয়ে বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়েন তারা।
নাটোরের সিংড়া উপজেলার এক কৃষক বলেন, “দাম বাড়বে ভেবে আলু রেখেছিলাম। শেষে কম দামে বিক্রি করে ঘরের টাকা দিয়েই হিমাগারের বিল দিতে হয়েছে।”
সবুজে ঢেকে গেছে মাঠ, ব্যস্ত পরিচর্যায় কৃষকরা
লোকসান পুষিয়ে নেওয়ার আশায় চলতি মৌসুমে আবার মাঠে নেমেছেন চলনবিলের কৃষকরা। এখন বিস্তীর্ণ এলাকায় সবুজ আলুর ক্ষেত চোখে পড়ছে। অনুকূল আবহাওয়া থাকায় কেউ সেচ দিচ্ছেন, কেউ আগাছা দমন করছেন, আবার কেউ শেষ দফার মাটি তোলা ও কীটনাশক স্প্রে করছেন।
কিছুটা কম আবাদ, তবু আশায় বুক বাঁধছেন চাষিরা
চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন উপজেলায় এবার আলু চাষ কিছুটা কমেছে। তবে কৃষক ও কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত জাতের বীজ ও সঠিক সময়ে রোপণের কারণে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক কোরবান আলী বলেন, “খরচ বেড়েছে ঠিকই, কিন্তু ফলন ভালো হলে সেটা উঠে আসবে। এখন একটাই চাওয়া—ন্যায্য দাম।”
নাটোরের বড়াইগ্রামের আলুচাষি আব্দুল হান্নান বলেন, “গত বছর অনেক ক্ষতি হয়েছে। তারপরও আবার চাষ করেছি। বাজার ঠিক থাকলে এবার ঘুরে দাঁড়াতে পারব।”
বাজার ব্যবস্থাপনা না হলে শঙ্কা থেকেই যাবে
কৃষকরা বলছেন, আলু দেশের অন্যতম প্রধান সবজি হলেও বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধার ঘাটতির কারণে বারবার লোকসানের মুখে পড়তে হয়। সরকারি পর্যায়ে সংরক্ষণ, রপ্তানি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকদের এই অনিশ্চয়তা অনেকটাই কমবে।
কৃষি বিভাগের আশাবাদ
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে এখন পর্যন্ত বড় কোনো রোগবালাইয়ের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অনুকূলে থাকলে চলনবিলে এবার আলুর উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ প্রতিনিধি 



















