যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার যে পুরস্কার ঘোষণা করেছে, তা সর্বত্র প্রচার করতে হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় আইজিপি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি আরও দৃশ্যমান করতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি। পুলিশের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার কথাও জানান আইজিপি। একই সঙ্গে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে ঘোষিত পুরস্কারের বিষয়টি জনগণের মধ্যে ব্যাপকভাবে জানিয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়া সভায় চলতি বছরের নভেম্বর মাসের সামগ্রিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং দণ্ডাদেশের হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

অনলাইন ডেস্ক 





















