বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম, সংসার নিয়ে ভক্তদের যেন কৌতূহল শেষই হয়না। বিয়ের পর মার্কিন মুল্লুকে পুরোদস্তুর থিতু হয়েছেন অভিনেত্রী।
অনেকেই জানতে চান, সুদূর মার্কিন মুলুকের সংগীতশিল্পী নিকের প্রেমে কীভাবে মজেছিলেন প্রিয়াঙ্কা? সেই বহু প্রতীক্ষিত রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শো-টির একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিকের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি।

আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল? অনুরাগীদের দীর্ঘদিনের এই প্রশ্নটি করতে গিয়ে কপিল মজা করে জানতে চান, ‘আপনি কি চিঠির সেই পুরনো যুগে ফিরে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’
জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।’
সোশ্যাল মিডিয়া টুইটারেই যে তাদের সম্পর্কের সূত্রপাত, তা পরিষ্কার করে দিলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, ‘আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’

অনলাইন ডেস্ক 
























