সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে।
রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আব্দুল হান্নান ওরফে হানাই (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাউকেরগুল গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জন লোক পূর্ববিরোধের জেরে আব্দুল হান্নানের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, তার স্বামী সম্প্রতি ছেলেকে প্রবাসে পাঠানোর জন্য জমি বিক্রি করে ১০ লাখ টাকা ঘরে রেখেছিলেন। ওই টাকা লুট করার উদ্দেশ্যেই ফারুক আহমদ ও মঈন উদ্দিনসহ তাদের সহযোগীরা ভোররাতে ঘরে হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়।
স্থানীয়দের মতে, প্রায় এক বছর আগে জমি সংক্রান্ত বিরোধে ফারুক আহমদ আহত হন। সেই ঘটনার প্রতিশোধ নিতে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে।
জানা গেছে, ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন একাধিক ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। প্রায় ২৫ বছর কারাভোগের পর তিন বছর আগে মুক্তি পেয়ে এলাকায় ফিরে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
ঢাকায় প্রশিক্ষণরত কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ একাধিক দল অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার 






















