যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মিরপুর সাইন্স কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় অংশ নিয়ে মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির মেধাবী সন্তান শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। এর মাধ্যমে তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতিকে পথ দেখিয়েছে এবং স্বাধীনতার চেতনাকে আরও দৃঢ় করেছে।’

মিরপুর সাইন্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনজুদার রহমান মিল্টন বলেন, ‘নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ তুলে ধরতে এ ধরনের দিবস পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্টাফ রিপোর্টার 























