ঠাকুরগাঁওয়ের হরিপুরে খামার ঈদগাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ওঠা ‘গোপনীয়তা’ ও ‘অনিয়মের’ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে— নির্বাচনী তফসিল অনুযায়ী এবং আইন মেনে স্বচ্ছতার সঙ্গেই কমিটি গঠন করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত তফসিল অনুযায়ী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর মনোনয়নপত্র উত্তোলন–জমা নেওয়া হয় ও ৩০ নভেম্বর যাচাই–বাছাই শেষে ১ ডিসেম্বর (সোমবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষকদের দাবি— শিক্ষক প্রতিনিধি নির্বাচনসহ সকল কার্যক্রম নিয়ম মেনে এবং আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে, নোটিশের মাধ্যমে অভিভাবকেরাও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, “শিক্ষকেরা আমাদের সন্তানদের মাধ্যমে জানিয়েছিলেন, আমরা অভিভাবকেরাও জানতাম। কোনো গোপনীয়তা ছিল না।”
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি— কমিটি গঠনের কাজ উৎসবমুখর পরিবেশেই হয়েছে এবং কোথাও অনিয়মের ঘটনা ঘটেনি।
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর যিনি উপজেলা যুবদলের সহ-সভাপতি ও অত্র মাদ্রাসার সভাপতি হিসেবে ছিলেন। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এ থেকে স্পষ্ট— কমিটি গঠনে কোনো গোপনীয়তা ছিল না।
অভিযোগ ও ব্যাখ্যার মধ্যেও কর্তৃপক্ষের দাবি— তারা স্বচ্ছতা বজায় রেখে আইন অনুযায়ী কমিটি গঠন করেছে।

নয়ন হোসেন, (হরিপুর) ঠাকুরগাঁও 



















