ময়মনসিংহের নান্দাইলে বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল হেলিম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে প্রতিবেশী আবদুল হেলিমের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে আবদুল হেলিম ঘরে প্রবেশ করেন এবং তাকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয়। মা বাড়িতে ফেরার পর শিশুটি তাকে বিষয়টি জানায়।
ঘটনার পর শিশুটির বাবা আবদুল হেলিমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, তাঁর মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার জন্য তিনি কঠোর বিচার চান।
এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই অভিযান চালিয়ে আবদুল হেলিমকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক 



















