বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোহাম্মদ রাশেদুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধাসরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। চুক্তির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জানা গেছে, মোহাম্মদ রাশেদুল হক দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ইস্যু তুলে ধরা এবং আন্তর্জাতিক জনমত গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, কূটনৈতিক মিশন ও বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও তিনি কাজ করে আসছেন।
রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের প্রধান হিসেবে তার এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ধারণা, তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও যোগাযোগ ভবিষ্যতে অস্ট্রেলিয়াসহ ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়ক হতে পারে।
নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক 


















