দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন গতকাল (৫ নভেম্বর) বীরগঞ্জ থানা ও খানসামা থানার বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানা ভবনের বিভিন্ন কক্ষ, হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, অভিযোগ গ্রহণ কক্ষ, নারী ও শিশু সহায়তা ডেস্কসহ থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং নথি ও রেজিস্টারসমূহ পর্যালোচনা করেন।
পুলিশ সুপার পরিদর্শনের সময় বলেন, “পুলিশ জনগণের আস্থার প্রতীক। জনগণের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না।”
তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। এছাড়া, জনগণের সঙ্গে সদাচরণ ও দ্রুত সেবা প্রদানের উপরও গুরুত্বারোপ করেন।
এসময় থানা অফিসার ইনচার্জ, পরিদর্শক, উপপরিদর্শকসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এই সফরে থানার প্রশাসনিক ও আইনশৃঙ্খলাসংক্রান্ত কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হয়।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 



















