ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি দল বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে আনোয়ার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনোয়ারের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আনোয়ার কাশিনগর (আলী চান মিয়ার বাড়ি) এলাকার মৃত সাঈদ মিয়ার ছেলে। তার মায়ের নাম শাহানা বেগম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া 



















