ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশনে সরোয়ার আলমগীরের অংশগ্রহণে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি শুনানির জন্য আগামী ১৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। তবে আপিল বিভাগের নির্দেশে নির্বাচনে অংশ নিলেও তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছিল।
পরবর্তীতে গত ৯ জুলাই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের পরপরই নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। একই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথও গ্রহণ করেন।
এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার আবেদন নিয়ে রোববার আপিল বিভাগে যান জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।
সোমবার চেম্বার আদালতে জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।
শুনানি শেষে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের জানান, হাইকোর্টের ৯ জুলাইয়ের রায়ের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি আগামী ১৯ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন।
আদালতের নথি অনুযায়ী, গত ২ জানুয়ারি চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।
ওই আপিলের পর নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল ঘোষণা করে।
এর বিরুদ্ধে নির্বাচনের আগেই হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী।
পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ মঞ্জুর করে আদেশ দেন, নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
এর ধারাবাহিকতায় গত ৩১ মার্চ নিয়মিত আপিল দায়ের করেন জামায়াতের প্রার্থী। পরে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের স্থগিতাদেশ বহাল রাখেন।
সবশেষে গত ৯ জুলাই হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। সেই রায়ের বিরুদ্ধেই বর্তমানে আপিল বিভাগে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

অনলাইন ডেস্ক 



















