ঢোলের শব্দ, কাঁসার ঘণ্টার সুর আর লাঠিয়ালদের ক্ষিপ্র লড়াইয়ে উৎসবমুখর হয়ে উঠেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম। প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী লাঠি খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। লাঠির ‘ঠা ঠা ঠকঠক’ শব্দে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। কখনো প্রতিপক্ষের আঘাত ঠেকাতে দ্রুত পদক্ষেপ, আবার কখনো কৌশলে আঘাত এড়িয়ে পাল্টা চাল—সব মিলিয়ে লাঠি খেলার মধ্য দিয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে গ্রামবাংলার অতীত ঐতিহ্য।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ক্ষেতলাল উপজেলার দেওগ্রামে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরও খেলা চলতে থাকে, যা গভীর রাত পর্যন্ত চলার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর তিন দিন পর থেকে দীর্ঘ প্রায় দেড়শ বছর ধরে পশ্চিম দেওগ্রামে ঐতিহ্যবাহী এ মেলার আয়োজন হয়ে আসছে। সময়ের পরিবর্তন হলেও গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এ আয়োজন আজও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলাকে ঘিরে আশপাশের গ্রামসহ দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে। তাঁদের পদচারণায় পুরো এলাকা পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।
মেলার মাঠ ঘুরে দেখা যায়, মিষ্টির দোকানগুলোতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমেছে। পাশাপাশি নারীদের প্রসাধনী ও গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায়ও রয়েছে ব্যস্ততা। অন্যদিকে, লাঠি খেলার বিভিন্ন কৌশল ও প্রতিপক্ষের সঙ্গে লড়াই দেখতে দর্শকদের ভিড় বাড়তে থাকে। তাঁদের করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মেলাঙ্গন।
ক্ষেতলালের প্রবীণ বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, এ মেলা শুধু একটি বার্ষিক আয়োজন নয়, বরং তাঁদের জীবনের স্মৃতি ও ঐতিহ্যের অংশ। শৈশব থেকেই তিনি দেওগ্রামের এ মেলার আয়োজন দেখে আসছেন। ঐতিহ্য মেনে গ্রামের বাড়িতে বাড়িতে খই, মুড়ি, নাড়ু ও মাংস-ভাত দিয়ে অতিথি আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে।
লাঠি খেলায় অংশ নিতে আসা প্রবীণ লাঠিয়াল শহিদুল বলেন, লাঠি খেলা তাঁদের রক্তের সঙ্গে মিশে আছে। বাবা-দাদার কাছ থেকে এ খেলার কৌশল শিখেছেন তিনি। ১৯৮০ সাল থেকে এ ঐতিহ্য ধরে রেখেছেন এবং প্রতিবছর দেওগ্রামের মেলায় অংশ নিতে আসেন।

অনলাইন ডেস্ক 



















