দীর্ঘসময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবারও অ্যাকশন ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরতে চলেছেন। আর সম্প্রতি সেই আসন্ন সিনেমা ‘রানাবালি’র একটি ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রাশমিকা মান্দানাকে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রানাবালি’র প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ১৮৭৮ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক গল্প, যেখানে এক সাহসী যুবক ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। তাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি নিজেকে এক ‘নির্দয় যোদ্ধা’তে পরিণত করেন।

ভিডিওতে বিজয়কে দেখা যায়— একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি এক ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যাচ্ছেন।
ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, ‘ব্রিটিশরা তাকে ‘বর্বর’ বলত। আমি একমত। সে ছিল ‘আমাদের’ বর্বর! একমাত্র ‘রানাবালি’-কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল।’

‘রানাবালি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম— একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে।
‘শ্যাম সিংহা রায়’ খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন এটি পরিচালনা করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল।

অনলাইন ডেস্ক 

























