পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্বজন, সহপাঠী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে জন্তিহার গ্রামের বাসিন্দা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায় কর্মসূচি পরিচালিত হয়। এতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিষ্পাপ স্কুলছাত্রী সুরাইয়া হত্যার ঘটনা সমাজের জন্য গভীর উদ্বেগের। দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড যেন আর কোনো পরিবারকে না দেখতে হয়, সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি 



















