বাঙালির চিরায়ত ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতির রঙে রঙিন হয়ে উঠেছিল রাজধানীর মিরপুর সাইন্স কলেজ। শীতের সকালে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও আনন্দঘন পিঠা উৎসব।
শনিবার (১৭ জানুয়ারি)) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। কলেজের অডিটোরিয়ামে সারি সারি স্টলে সাজানো ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতই, পুলি, নারকেল পিঠা, তেলপিঠা ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠা। পিঠার ঘ্রাণে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও মুখর। পুরো এলাকা যেন এক গ্রামীণ মেলায় রূপ নেয়।

উৎসবের উদ্বোধন করেন মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন। তিনি বলেন “পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত করার একটি সুন্দর প্রয়াস। এটি আমাদের সংস্কৃতি সংরক্ষণের একটি সুন্দর মাধ্যম। ”

শিক্ষার্থীরা জানান, পড়ালেখার একঘেয়েমি কাটিয়ে এমন আয়োজন তাদের মানসিকভাবে চাঙ্গা করে তোলে এবং দলগত কাজের অভিজ্ঞতা দেয়। অনেকেই নিজের হাতে তৈরি পিঠা বিক্রি ও পরিবেশনের মাধ্যমে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার সুযোগ পেয়েছেন।

উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন । রঙিন ব্যানার, ফেস্টুন আর হাসি-আড্ডায় কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।

শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিরাও আয়োজনে উপস্থিত ছিলেন। তাঁদের মতে, এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
দিনব্যাপী এ আয়োজন শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাঙালি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের উৎসব আয়োজন করা হবে।

স্টাফ রিপোর্টার 





















