আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দেশবরেণ্য কৃষিবিদ ও কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সমর্থনে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হরিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান জাফির তুহিন বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে।” তিনি আরও বলেন, “দেশের কৃষক, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাব।”
তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে। জনগণের সমর্থনই হবে এই আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ের প্রধান শক্তি।

হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আব্দুর রহিম কালু , হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. সিরাজুল ইসলাম।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মাঠজুড়ে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাটি পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 



















