নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার (১৩ ডিসেম্বর) জেলাজুড়ে একযোগে বিশেষ তল্লাশি ও নজরদারি অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফের নির্দেশনায় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত ২৩টি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের লক্ষ্য ছিল অপরাধ দমন, নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
চেকপোস্টে তল্লাশিকালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ২৩টি মামলা দায়ের করা হয়। তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২১টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন অমান্যকারীদের শনাক্ত করা, মাদক ও অবৈধ অস্ত্র বহন রোধ এবং যেকোনো অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জনসাধারণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া 




















